ইসলামের আলো
ছবি: সংগৃহীত

রমজান ঘনালেই বাড়বে ব্যয়, ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ।

নিজেস্ব প্রতিবেদক:

রমজান মাস সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলে দেরি না করে এখনই বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভ্রমণসেবা প্রতিষ্ঠানগুলো। তাদের মতে, সময়ক্ষেপণ করলে ওমরাহ প্যাকেজের খরচ স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রমজান এলেই মক্কা ও মদিনায় মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। এর প্রভাব পড়ে পরিবহন, আবাসন ও সামগ্রিক ভ্রমণ ব্যয়ের ওপর, যা ধীরে ধীরে বাড়তে থাকে।

ওমরাহ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে সড়কপথে ওমরাহ করতে চাইলে একটি প্যাকেজের গড় খরচ প্রায় ১ হাজার ২০০ দিরহাম। তবে খুব শিগগিরই এই ব্যয় বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত এগিয়ে আসবে, এই খরচ দুই হাজার দিরহাম ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভ্রমণ ব্যবসায়ীরা জানান, অনেক যাত্রী শেষ মুহূর্তে কম দামের আশায় অপেক্ষা করেন। কিন্তু রমজানের ব্যস্ত মৌসুমে হোটেল ও যানবাহনের সংকট তৈরি হওয়ায় তখন উল্টো বেশি অর্থ ব্যয় করতে হয়।

আকাশপথে ওমরাহ করতে আগ্রহীদের জন্য ব্যয় আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ফ্লাইটসহ ওমরাহ প্যাকেজের দাম শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। রমজান শুরু হলে এই খরচ বেড়ে ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে এবং শেষ দশ দিনে তা ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।

ব্যয় বাড়ার পেছনে কারণ কী?

রমজান এলেই ওমরাহ ব্যয় হঠাৎ করে বাড়তে শুরু করে—এর পেছনে একাধিক বাস্তব কারণ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান ভাড়ায় বড় কোনো পরিবর্তন না হলেও মক্কা ও মদিনার আবাসন সংকটই মূল চাপ তৈরি করে। বিশেষ করে হারাম শরিফের আশপাশের হোটেলগুলোতে রমজানের শুরুতেই ভাড়া কয়েক ধাপ বেড়ে যায়, আর শেষ দশ দিনে তা সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ পর্যন্ত উঠে যায়।

এ ছাড়া প্রশাসনিক সময়সীমাও ব্যয় বৃদ্ধির একটি বড় ফ্যাক্টর। হজ ব্যবস্থাপনার প্রস্তুতির কারণে নির্দিষ্ট সময়ের পর ওমরাহ ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। জানা গেছে, মার্চের মাঝামাঝির পর নতুন ভিসা আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে প্রবেশ ও দেশত্যাগ না করলে জটিলতায় পড়তে হতে পারে।

এই বাস্তবতা মাথায় রেখে ভ্রমণ সংশ্লিষ্টরা বলছেন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আর্থিক চাপই বাড়ায়। তাই স্বস্তিতে ওমরাহ আদায় করতে চাইলে সময়, খরচ ও ভিসা—সবকিছু আগেই পরিকল্পনায় আনার বিকল্প নেই।

মতামত দিন