২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের নির্দেশ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজযাত্রীরা যেন টিকা গ্রহণের যোগ্য হন, তার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত একাধিক স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করতে হবে। এসব পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীদের সাধারণ ও গুরুতর রোগ শনাক্তের জন্য মোট ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই (Urine R/M/E), র্যান্ডম ব্লাড সুগার (RBS), বুকের এক্স-রে (X-Ray Chest P/A view), ইসিজি (ECG), সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC with ESR) এবং রক্তের গ্রুপ ও আরএইচ টাইপ।
অতিরিক্তভাবে, নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে কিছু বিশেষ পরীক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ—
-
হৃদপিণ্ডের সম্ভাব্য সমস্যা হলে ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography) করা প্রয়োজন।
-
কিডনিতে জটিলতা সন্দেহ হলে সিরাম ক্রিয়েটিনিন এবং ইউএসজি কিডনি, ইউরিনারি ব্লাডার ও ইউরিনারি ট্র্যাক্ট (USG of KUB) করানো হবে।
-
লিভার সিরোসিসের আশঙ্কা থাকলে পুরো পেটের আলট্রাসাউন্ড (USG Whole Abdomen) এবং ঊর্ধ্ব GIT-এর এন্ডোস্কোপি করা হবে।
-
দীর্ঘমেয়াদি ফুসফুসের অসুস্থতা হলে স্পুটাম AFB, চেস্ট সিটি স্ক্যান (CT Scan), সিরাম বিলিরুবিন, SGPT এবং অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত (Albumin Globulin ratio) পরীক্ষা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ও টিকার পূর্বপ্রস্তুতির সব রিপোর্টের কপি হজযাত্রীকে সঙ্গে রাখতে হবে এবং টিকা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের হাতে জমা দিতে হবে। এই নিয়ম মেনে চলার পরই হজযাত্রী স্বাস্থ্য সনদ পাবেন।
মতামত দিন