হজ ২০২৬: ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণ প্যাকেজ মূল্য পরিশোধের তাগিদ।
সোমবার (২২ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে হজ প্যাকেজ ও প্রযোজ্য গাইডলাইনের আলোকে প্রত্যেক নিবন্ধিত হজযাত্রীর জন্য পুরো প্যাকেজ মূল্য নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করেননি, তাদের অবশ্যই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা জমা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন