এক মাসে ১ কোটি ১৭ লাখ মুসলিম পালন করেছেন ওমরাহ।
হিজরি বর্ষের রবিউস সানি মাসে সৌদি আরবের পবিত্র মসজিদগুলোতে মুসল্লিদের আনাগোনা নতুন রেকর্ড গড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এক মাসে মোট ১ কোটি ১৭ লাখের বেশি মুসলিম ওমরাহ সম্পন্ন করেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা এবং সমন্বিত লজিস্টিক সেবা মুসল্লিদের জন্য যাত্রা অনেক সহজ ও আরামদায়ক করেছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, ভিসা প্রক্রিয়া, বুকিং ও যাত্রা-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম খুব স্বল্প সময়ে সম্পন্ন করতে পারছেন। এর ফলে তারা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারছেন এবং মানসিক প্রশান্তি উপভোগ করছেন।
সৌদি সরকারের ভিশন ২০৩০–এর অংশ হিসেবে এই সেবা সম্প্রসারণ করা হচ্ছে। লক্ষ্য হলো দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সুবিধাজনক করা এবং মুসল্লিদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সর্বোচ্চ পর্যায়ে উন্নত করা। মন্ত্রণালয় জানিয়েছে, শুরু থেকে যাত্রার শেষ পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম এবং মানসিক শান্তি অগ্রাধিকার পাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক বছরে সৌদি সরকার ওমরাহ ও হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং নতুন অবকাঠামো উন্নয়নের কারণে ওমরাহ অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই পবিত্র মসজিদে পরিষেবার মান উন্নত করতে ডিজিটাল ও অপারেশনাল ব্যবস্থাপনায় নতুনত্ব আনা হচ্ছে। এটি মুসল্লিদের যাত্রাকে নির্বিঘ্ন, তৃপ্তিদায়ক ও নিরাপদ করে তুলছে।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, আধুনিক সেবা ও প্রযুক্তির সংমিশ্রণ মুসল্লিদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করবে। এভাবে তারা বিশ্বাস করেন, ওমরাহর প্রতি মুসল্লিদের আস্থা বৃদ্ধি পাবে এবং সারাবিশ্বের মুসলমানেরা আরও সহজে পবিত্র মসজিদে পৌঁছাতে পারবেন।
সূত্র : সৌদি গেজেট
মতামত দিন