ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের জন্য ৪ ধরনের টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করেছে সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী বছরে হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে চার ধরনের টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

দ্য ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯, মেনিনজাইটিস, পোলিও এবং পীতজ্বরের টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদিতে প্রবেশ করতে পারবে না। জনস্বাস্থ্য রক্ষার কারণে টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কভিড-১৯ টিকা অবশ্যই সৌদি আরবে অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার কমপক্ষে ১৪ দিন আগে তা সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিস টিকা হজযাত্রার ১০ দিন আগে গ্রহণ করতে হবে এবং এটি পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে।

পোলিও ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের টিকা যাত্রার কমপক্ষে ৪ সপ্তাহ আগে নেওয়া বাধ্যতামূলক। টিকা গ্রহণের তথ্য আন্তর্জাতিক টিকা সনদে উল্লেখ থাকতে হবে। পীতজ্বরের টিকা ৯ মাসের ঊর্ধ্বে সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলক, তবে এটি শুধুমাত্র ঝুঁকিপূর্ণ অঞ্চলের যাত্রীদের জন্য প্রযোজ্য।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত—যেমন অঙ্গ বিকল, দীর্ঘমেয়াদি জটিল অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগ বা ক্যান্সারের চলমান চিকিৎসাধীন—ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। হজের সময় বিশাল জনসমাগম ও শারীরিক পরিশ্রমের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।

সৌদি কর্তৃপক্ষ জানাচ্ছে, নির্ধারিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না হওয়া যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে কোয়ারেন্টাইন বা অতিরিক্ত স্বাস্থ্য যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাটি কভিড-১৯ মহামারি এবং পূর্ববর্তী হজ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এতে লক্ষ্য হলো সব হাজি নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন।

মতামত দিন