আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ ঘোষণা করলেন মসজিদের সম্মানিত খতিব।
নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ভেঙে মদিনার মসজিদে নববীর আদলে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার জুমার খুতবা শেষে মসজিদের সম্মানিত খতিব, আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী এ ঘোষণা দেন।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই চার শতাধিক বছরের পুরনো মসজিদটি একটি “মজলুম মসজিদ”, যা প্রায় সব সরকারের আমলেই অবহেলা ও অবজ্ঞার শিকার হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন মডেল মসজিদ নির্মাণ হলেও এই ঐতিহাসিক মসজিদ সরকারিভাবে উন্নয়ন বা সংস্কারের তালিকা থেকে বাদ পড়েছে। অতীতের সরকারগুলো একাধিকবার উদ্যোগ নিলেও এখনো কোনো সংস্কার বা পুনর্নির্মাণ সম্পন্ন হয়নি।
ইতোমধ্যে মসজিদটিকে দুইতলা বিপজ্জনক ভবন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে দ্বিতীয় তলায় নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে খতিব আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে স্থানীয় মুসল্লি, দানশীল ব্যক্তি ও দেশের বিত্তবানদের মসজিদ পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আগামী শুক্রবার মসজিদে চারটি প্রজেক্টরের মাধ্যমে পুনর্নির্মাণ পরিকল্পনা সবার সামনে উপস্থাপনের ঘোষণা দেন।
খতিব জানান, নতুনভাবে মসজিদটি নির্মাণ হলে একসঙ্গে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ। ১৬৬৭ সালে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবেদার শায়েস্তা খাঁ চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে মসজিদটি নির্মাণ করেছিলেন।
মাওলানা সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত ও সুন্নতের অনুসারী আলেম। তিনি দারুল ইরফান ট্রাস্ট, চট্টগ্রামের চেয়ারম্যান, দারুল ইরফান একাডেমির মুহতারাম এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৫৬ সালের ১ মার্চ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে তাঁর জন্ম।

মতামত দিন