আগামী বছরের হজযাত্রীদের জন্য সুখবর,কমেছে বিমান ভাড়া।
আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ তথ্য জানান।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে:
-
প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
-
প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
-
প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
উপদেষ্টা জানান, চলতি বছরের ২৭ জুলাই থেকে হজ নিবন্ধন শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম সরকারি হজ ফ্লাইট প্রস্থান করবে।
হজযাত্রীদের জন্য বিশেষ পরামর্শে তিনি বলেন, ৭০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের হজে যাত্রা এ বছর নিষেধ করা হয়েছে। তবে কেউ যেতেই চাইলে সঙ্গে একজন সহযাত্রী থাকা বাধ্যতামূলক এবং সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রদত্ত সনদ জমা দিতে হবে। গুরুতর অসুস্থদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

মতামত দিন