ইসলামের আলো
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে চলছে ইসলামী বইমেলা-২০২৫।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে কাল থেকে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ ইসলামি বইমেলা-২০২৫। এই মাসব্যাপী আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার বিকেল ৫টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মেলায় অংশগ্রহণ করছে প্রায় শতাধিক দেশি ও বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় প্রথমবারের মতো পরিসর বিস্তৃত করা হয়েছে বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত।

পাঠক ও দর্শনার্থীদের জন্য মেলায় রয়েছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার এবং লেখক কর্নার। এছাড়া চা-কফি কর্নার, ফুড কর্নার এবং তথ্যকেন্দ্রও থাকবে। বিশাল মঞ্চে আয়োজন করা হয়েছে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী। এছাড়া মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষের দিকে সীমিত পরিসরে যাত্রা শুরু করা ইসলামি বইমেলা আজ দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

মতামত দিন