পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর পালিত হবে।
দেশের আকাশে গত রোববার (২৪ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। ফলে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সরকার ইতিমধ্যে এ উপলক্ষে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা বাণী দেবেন। এদিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা সম্বলিত ব্যানার টানানো হবে।
এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু সদন ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে।
৫৭০ খ্রিষ্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাই ১২ রবিউল আউয়ালকে মুসলিমরা মহানবীর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে আসছেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) প্রায় সব মুসলিম দেশেই পালিত হয়। তবে কাতার ও সৌদি আরবে এটি সরকারি ছুটি নয়। অমুসলিম দেশগুলোর মধ্যে ভারত বিশেষভাবে এ উপলক্ষে জমকালো উৎসব আয়োজনের জন্য পরিচিত, বিশেষ করে হায়দরাবাদ ও তেলেঙ্গানায় ধর্মীয় সভা, শোভাযাত্রা ও প্রার্থনার আয়োজন করা হয়।
মতামত দিন