ইসলামের আলো
ছবি: সংগৃহীত

ইন্টারনেট ছাড়াই হজ-ওমরাহ বিষয়ক সব সেবা মিলবে ‘নুসুক’ অ্যাপে।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে মোবাইল ডেটা বা ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে ‘নুসুক’ অ্যাপ—সম্পূর্ণ বিনামূল্যে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করে। গালফ নিউজ জানিয়েছে, এই উদ্যোগ হজ ও ওমরাহ যাত্রীদের যাত্রা আরও মসৃণ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করবে বলে মনে করছে সৌদি সরকার।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি বলেন, “নতুন এই সুবিধার ফলে আল রওদাহ আল শরিফায় প্রবেশ অনুমতি, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপ ব্যবহার করে পথ নির্দেশনা, জরুরি রিপোর্ট দাখিল এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহায়তা—সবই মিলবে অফলাইনে।”

নুসুক অ্যাপের প্রধান নির্বাহী আহমেদ আল মাইমান বলেন, এই পরিবর্তন হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে আনবে। একই সঙ্গে এটি ভিড় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে।

সৌদি আরবের লক্ষ্য, এমন একটি সমন্বিত প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করা, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগত মুসল্লিরা নির্বিঘ্নে ডিজিটাল সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

কী সুবিধা দিচ্ছে নুসুক অ্যাপ?

নুসুক অ্যাপ হলো সৌদি সরকারের তৈরি একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হজ ও ওমরাহ যাত্রার প্রতিটি ধাপ পরিচালনা করা যায়।

মূল বৈশিষ্ট্যগুলো হলো:

  • ই-ভিসা আবেদন: সরাসরি অ্যাপ থেকেই করা যায়।

  • প্যাকেজ বুকিং: হজ ও ওমরাহর জন্য প্রস্তুত প্যাকেজ বেছে নেওয়ার সুবিধা।

  • ফ্লাইট ও হোটেল বুকিং: মক্কা-মদিনায় থাকার ও যাতায়াতের ব্যবস্থা করা যায় সহজেই।

  • পবিত্র স্থান প্রবেশ অনুমতি: মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের জন্য ডিজিটাল পারমিট পাওয়া যায়।

  • ট্র্যাকিং ও নেভিগেশন: সহজে গন্তব্য খুঁজে পেতে সাহায্য করে।

  • অফলাইন সেবা: নতুন সংযোজিত সুবিধায় ইন্টারনেট ছাড়াই অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার করা সম্ভব।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের মাধ্যমে হজযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালন আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে।

মতামত দিন