২০২৬ হজ: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, জমা দিতে হবে ৪ লাখ টাকা।
২০২৬ সালে পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম। প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়েই এই নিবন্ধন সম্পন্ন করা যাবে।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সংশ্লিষ্টরা জানান, সৌদি আরব সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যেই হজের পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন করতে হবে। সে লক্ষ্যেই আগেভাগে প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ সরকার।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজের পূর্ণাঙ্গ ব্যয় নির্ধারণের পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। সৌদি অংশের খরচ ও বিমান ভাড়া চূড়ান্ত হওয়ার পর পূর্ণ প্যাকেজ ঘোষণা করা হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ পোর্টাল (www.hajj.gov.bd), লাব্বাইক অ্যাপ, ইসলামিক ফাউন্ডেশন অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা আশকোনা হজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর বেসরকারি হজযাত্রীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিবন্ধন করবেন।
সভায় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন