বদনজর: ঈর্ষার দৃষ্টিতে অদৃশ্য বিপদের বাস্তবতা, নবীজি (সা.) যা বলেছেন।
বদনজর — একটি এমন অদৃশ্য প্রভাব, যা মানুষের অন্তরের হিংসা বা ঈর্ষা থেকে উৎসারিত হয়ে অন্যের জীবনে নেমে আসতে পারে নানা রকমের অশান্তি ও বিপদ। ইসলামে এ বিষয়ের বাস্তবতা ও গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, এবং রাসুলুল্লাহ (সা.) এ সম্পর্কে তাঁর উম্মতকে বারবার সতর্ক করেছেন।
বদনজর: একটি স্বীকৃত সত্য
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “বদনজর সত্য, এটি মানুষকে উঁচু স্থান থেকে নিচে ফেলে দিতে পারে” (মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৭৩)। অর্থাৎ বদনজর এমন এক অশুভ দৃষ্টি, যা কারও সৌভাগ্য, সাফল্য বা শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বদনজর ঈর্ষান্বিত চাহনির এমন একটি রূপ, যা কারও রূপ-সৌন্দর্য, পারিবারিক বন্ধন, ক্যারিয়ার কিংবা সামগ্রিক জীবনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম। অনেক সময় এটি সম্পর্ক ছিন্ন করে, জীবনের গতিকে থামিয়ে দেয় এবং অজানা কারণে মানুষের মধ্যে বিষণ্নতা ও অস্থিরতা সৃষ্টি করে।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, “যদি কোনো কিছু তাকদিরকে ছাড়িয়ে যেতে পারত, তবে সেটা হতো বদনজর।” (তিরমিযি: ২০৫৯; আহমাদ: ৬/৪৩৮)
আধ্যাত্মিক প্রেক্ষাপটে বদনজর
ইসলামি বিশ্বাস অনুযায়ী, বদনজর আল্লাহর সৃষ্টি এবং তাঁর ইচ্ছার অধীন। তবে এটিকে অবহেলা করার সুযোগ নেই, কারণ রাসুল (সা.) এর বক্তব্য অনুযায়ী, “আমার উম্মতের মধ্যে তাকদির নির্ধারিত মৃত্যুর পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটবে বদনজরের কারণে।” (আত-তারীখ, বুখারি)
এই দৃষ্টিকোণ থেকে বদনজর কেবল একটি বিশ্বাস নয়, বরং তা বাস্তব জীবনে ধ্বংসাত্মক পরিণতির কারণ হয়ে উঠতে পারে। কখনো কখনো এটি এমনভাবে আঘাত হানে যে, একটি সুখী পরিবারে অবিশ্বাস ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।
আত্মরক্ষার পথ
বদনজরের প্রভাব থেকে বাঁচতে ইসলাম বিশেষ দোয়া ও আমলের প্রতি গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বদনজর থেকে নিরাপদ থাকতে বেশ কিছু দোয়া শিখিয়েছেন সেই গুলা পাঠ করা সকাল-সন্ধ্যার যিকির অব্যাহত রাখা। একই সঙ্গে মনে রাখতে হবে, একমাত্র আল্লাহই আমাদের রক্ষাকারী। তাই তাঁর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতা স্থাপন করাই বদনজরের বিরুদ্ধে সর্বোৎকৃষ্ট অস্ত্র।
মতামত দিন