ইসলামের আলো
ছবি: সংগৃহীত

মুসলিম পর্যটনের শীর্ষে মালয়েশিয়া, টানা দশমবারের মতো প্রথম।

নিজস্ব প্রতিবেদক:

গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫-এ টানা দশমবারের মতো মুসলিম পর্যটকদের জন্য বিশ্বের সেরা গন্তব্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মালয়েশিয়া। সিঙ্গাপুরে আয়োজিত ‘হালাল ইন ট্রাভেল অ্যাওয়ার্ডস’-এর চতুর্থ আসরে মালয়েশিয়াকে এই মর্যাদা দেওয়া হয়।

দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আকবর খান মালয়েশিয়ার পক্ষে  পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মুসলিম পর্যটকদের জন্য আমরা একটি নিরাপদ, স্বস্তিকর ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছি।”

তিনি আরও জানান, মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টার পরিচালিত মুসলিম-ফ্রেন্ডলি অ্যাক্রেডিটেশন (MFAR) প্রকল্প এবং মুসলিমবান্ধব ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রোগ্রাম পর্যটনখাতে গুণগত পরিবর্তন এনেছে।

মূলত হালাল খাবারের প্রাপ্যতা, নামাজের জন্য সুবিধা, সংস্কৃতিগত সংবেদনশীলতা এবং পারিবারিক উপযোগিতা—এই চারটি মূল মানদণ্ডে গন্তব্যগুলোর মূল্যায়ন করে ক্রিসেন্টরেটিং কর্তৃপক্ষ। এসব মানদণ্ডেই মালয়েশিয়া আবারও শীর্ষে অবস্থান ধরে রেখেছে।

উপমন্ত্রী ফিরদাউস বলেন, “এই অর্জন শুধু মালয়েশিয়ার নয়,এটি মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক অগ্রগতিরও প্রতিচ্ছবি। এতে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে মুসলিম পর্যটকদের চাহিদা অনুযায়ী সেবা উন্নয়নে মনোযোগ দিতে।”

‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ সামনে রেখে তিনি বিশ্ববাসীকে মালয়েশিয়ার ঐতিহ্য, উৎসব আর আতিথেয়তা উপভোগ করতে আমন্ত্রণ জানান।

মতামত দিন