ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ শেষ, সৌদি আরবে আবারও শুরু হচ্ছে ওমরাহ ভিসা কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এবার ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) থেকে আবারও ওমরাহ ভিসা ইস্যু করা হবে।
সোমবার (৯ জুন) সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় বলে জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীরা ইতোমধ্যে কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন। হজ উপলক্ষে মক্কায় জারিকৃত যাতায়াতসংক্রান্ত বিধিনিষেধ আগামী বুধবার (১১ জুন) থেকে তুলে নেওয়া হবে। ফলে হজ মৌসুমে যেসব কারণে ওমরাহ ভিসা বন্ধ রাখা হয়েছিল, তা আর বলবৎ থাকবে না।

চলতি হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয় গত ২৯ এপ্রিল। এরপর মক্কার হোটেলগুলোকে নির্দেশ দেওয়া হয়, যেন বৈধ হজ অনুমতিপত্র অথবা শহরে কাজ বা বসবাসের অনুমতি ছাড়া কেউ যাতে সেখানকার হোটেলে অবস্থান করতে না পারে। এতে হজ ব্যতীত অন্য সব ধরনের ভিসাধারীর জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ ছিল।

হজ শেষে এসব বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে এবং নিয়মিত ভিসা কার্যক্রমও আবার চালু হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের হজে অংশ নিয়েছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলিম। এর মধ্যে বিদেশ থেকে এসেছেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন, আর সৌদি আরবের অভ্যন্তর থেকে অংশ নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।

সৌদি সরকার জানিয়েছে, হজের সফল আয়োজনের পর ওমরাহ কার্যক্রমকে নিয়ন্ত্রিতভাবে পুনরায় চালু করা হচ্ছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে পবিত্র স্থানসমূহে ইবাদত করতে পারেন।

মতামত দিন