ইসলামের আলো
ছবি: সংগৃহীত

মিনায় জড়ো হয়েছেন বাংলাদেশি হাজীরা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসলিম হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৌদি  আরবের পবিত্র মিনা প্রান্তর। হিজরি ৮ জিলহজ মঙ্গলবার রাত থেকেই ধাপে ধাপে মিনায় হাজীদের আগমন শুরু হয়েছে।
এভাবেই সূচনা হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতার।

বাংলাদেশ থেকে আগত হাজীরাও এরই মধ্যে মিনায় পৌঁছেছেন। তাঁদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকিতে রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। তাঁরা মিনা থেকেই বাংলাদেশের হজ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

মিনার বিস্তীর্ণ উপত্যকায় এখন প্রতিধ্বনিত হচ্ছে, ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি। সাদা রঙের সেলাইবিহীন দুই টুকরো কাপড়ে বস্ত্রহীন, দুনিয়ার মোহমায়া ত্যাগ করে হাজীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিবেদন করছেন। তাঁদের চোখে মুখে প্রশান্তি, হৃদয়ে কেবল ক্ষমা ও অনুগ্রহ পাওয়ার আকুতি।

মিনা প্রান্তরে অবস্থান শেষে আজ রাতে হাজীরা রওয়ানা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেভাগেই আরাফাতে পৌঁছার নির্দেশনা দিয়েছে,যাতে ভিড় কমানো যায় ও চলাচল নির্বিঘ্ন হয়। হজের মূল আনুষ্ঠানিকতা, ইয়াওমে আরাফা, অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ জিলহজ।

ঐ দিন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর থেকে কিছু সময় আরাফায় অবস্থান ফরজ। সেখানে থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজীরা রওয়ানা হবেন মুজদালিফার পথে। মুজদালিফায় পৌঁছে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

মতামত দিন