সুরা ইউসুফ: কোরআনের সর্বশ্রেষ্ঠ কাহিনি।
ধৈর্য, সততা ও আল্লাহর রহমতের এক অনুপম পাঠ।
কোরআনের ১২তম সূরা—সুরা ইউসুফ—কে বলা হয় সবচেয়ে সুন্দর কাহিনি।
এক নবী, এক স্বপ্ন, এক ভবিষ্যৎঃ
ইউসুফ (আ.) ছিলেন নবী ইয়াকুব (আ.)-এর বারো সন্তানের একজন,এবং তাঁর প্রিয়তম।প্রথম স্ত্রী লাইয়ার দশ ছেলের পর দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন ইউসুফ (আ.) ও বেনিয়ামিন। (তাফসিরে কুরতুবি, মারেফুল কোরআন)
শৈশবে ইউসুফ (আ.) একটি বিশেষ স্বপ্ন দেখেন—১১টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাঁকে সিজদা করছে। এটি ছিল তাঁর ভবিষ্যৎ নবুয়তের সুস্পষ্ট ইঙ্গিত। (সুরা ইউসুফ, আয়াত: ৪)
হিংসা থেকে ষড়যন্ত্র, কুয়া থেকে প্রাসাঃ
বাবার পক্ষপাতমূলক স্নেহ ভাইদের মনে হিংসা সৃষ্টি করে।একদিন তাঁরা তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি কুয়ায় ফেলে দেয়। ফিরে এসে ইয়াকুব (আ.)-কে মিথ্যা বলেন যে ইউসুফ (আ.) নেকড়ের শিকার হয়েছে। শোকে পিতার দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে যায়। (আয়াত: ১৮)
পথে আসা একটি কাফেলা তাঁকে উদ্ধার করে মিসরে বিক্রি করে দেয়।আজিজে মিসর বা কিতফির তাঁকে কিনে নিজের প্রাসাদে লালন-পালন করেন। (কাসাসুল কোরআন)
জুলেখার প্রলোভন ও কারাগার জীবনঃ
যৌবনে ইউসুফ (আ.)-এর সৌন্দর্য ছিল অতুলনীয়। আজিজের স্ত্রী জুলেখা তাঁর প্রেমে পড়েন এবং তাঁকে পাপের দিকে আহ্বান করেন। কিন্তু ইউসুফ (আ.) আল্লাহর ভয়ে দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে মিথ্যা অপবাদে তাঁকে কারাগারে পাঠানো হয়, যদিও সাক্ষ্য প্রমাণে জুলেখাই দোষী প্রমাণিত হন। (আয়াত: ২৬–২৮)
কারাগারে তিনি দ্বীন প্রচার করেন এবং বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেন। পরবর্তীতে মিসরের বাদশাহ একটি দুর্বোধ্য স্বপ্ন দেখলে, ইউসুফ (আ.)-এর ব্যাখ্যা সেই সংকট সমাধান করে দেয়।ফলে তিনি রাজসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিষিক্ত হন। (আয়াত: ৫৪–৫৬)
সত্য-মিথ্যার বিভাজনে ইউসুফ (আ.)-এর মর্যাদাঃ
ইউসুফ (আ.)-এর জীবনে জুলেখার ভূমিকা নিয়ে বহু উপকথা চালু থাকলেও, কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে তাঁদের মধ্যে প্রেম বা বিবাহের কোনো প্রমাণ নেই। জুলেখার প্রেম ছিল একতরফা, আর ইউসুফ (আ.) ছিলেন দৃঢ় চরিত্রের প্রতীক। (তাফসিরে ইবনে আবি হাতিম, তাফসিরে তাবারি)
শিক্ষা ও প্রজ্ঞাঃ
সুরা ইউসুফ কেবল একটি কাহিনি নয়, বরং তাওহিদ, তাকওয়া,ইখলাস ও সবরের এক জীবন্ত পাঠশালা।তাঁর জীবনের প্রতিটি অধ্যায় শিক্ষা দেয়—আল্লাহর প্রতি আস্থা ও নৈতিক দৃঢ়তা একজন মানুষকে কেমন করে অতল গহ্বর থেকে মহিমান্বিত আসনে পৌঁছে দিতে পারে।
সুরাটি নাজিল হয় এমন এক সময়ে, যখন নবী মুহাম্মদ (সা.) মক্কায় চরম দুঃসময় পার করছিলেন। এ সূরার মাধ্যমে তাঁকে এবং তাঁর অনুসারীদের ধৈর্য ও আশার বার্তা দেওয়া হয়।
শেষ কথাঃ
সুরা ইউসুফ নিছক ইতিহাস নয়, বরং নৈতিকতা, পারিবারিক সংকট, সামাজিক প্রতিকূলতা এবং রাজনৈতিক প্রজ্ঞার এক অপূর্ব সংমিশ্রণ। একে বলা চলে—আল্লাহর পাঠানো ‘মানব জীবনের কাহিনিনাট্য’, যেখানে প্রতিটি বাঁকে রয়েছে শিক্ষা ও আলোকবর্তিকা।
মতামত দিন