কাবাঘরের চাবি কী দিয়ে তৈরি,কার কাছে থাকে?
মক্কা:
ইসলামপূর্ব যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত পবিত্র কাবাঘরের দরজার চাবির দায়িত্ব একটানা বহন করে আসছে সৌদি আরবের আল-শাইবা পরিবার। প্রায় ১৬০০ বছর ধরে এই পরিবারের হাতেই রয়েছে চাবির জিম্মাদারি।
ঐতিহাসিক পটভূমি:
কাবার চাবির দায়িত্ব প্রথমে লাভ করেন কুসাই বিন কিলাব। পরে রাসুলুল্লাহ (সা.)-এর যুগে এই দায়িত্ব ছিল শাইবা বিন ওসমান আবি তালহার হাতে। মক্কা বিজয়ের দিন চাবিটি উসমান ইবনে তালহা (রা.)-এর কাছে হস্তান্তর করেন নবী করিম (সা.)। তখন তিনি বলেন, ‘এখন থেকে এই চাবি তোমাদের পরিবারেই থাকবে কেয়ামত পর্যন্ত। যে কেউ এটি তোমাদের কাছ থেকে নিতে চাইবে, সে হবে জালিম।’ এ ঘোষণাই চূড়ান্ত করে দেয়—চাবির রক্ষণাবেক্ষণ চিরকাল থাকবে আল-শাইবা বংশেরই হাতে।
উত্তরাধিকার প্রথা:
চাবির দায়িত্ব বংশপরম্পরায় চললেও এটি পিতা থেকে পুত্র নয়,বরং পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ পুরুষ সদস্যের হাতে অর্পিত হয়। কোনো দায়িত্বপ্রাপ্ত রক্ষকের মৃত্যু হলে সৌদি বাদশাহর অনুমোদনে পরবর্তী প্রবীণ সদস্যের হাতে চাবি হস্তান্তর করা হয়।
বর্তমান চাবির রক্ষক:
বর্তমানে পবিত্র কাবাঘরের চাবির দায়িত্ব পালন করছেন শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি, যিনি হজরত উসমান (রা.)-এর ১১০তম প্রজন্মের উত্তরসূরি। তার আগে এ দায়িত্ব পালন করেন ড. শায়েখ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবি, যিনি ২০০৪ সালের ২১ জুন ইন্তেকাল করেন।
ঐতিহ্য ও মর্যাদা:
কাবার চাবি শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, বরং এটি দায়িত্ব, আস্থা এবং ইতিহাসের ধারক। প্রতি বছর হজ মৌসুমে বা বিশেষ কোন কর্মসূচিতে দরজা খোলার সময় আল-শাইবা পরিবারের প্রতিনিধি নিজ হাতে দরজা খুলে দেন এবং ভেতরে প্রবেশের অনুমতি পান শুধুমাত্র নির্ধারিত কিছু ব্যক্তি।
এই ঐতিহ্য ইসলামি ইতিহাসে শুধুমাত্র এক পরিবারের উপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার এক জীবন্ত উদাহরণ।
মতামত দিন