আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর-সিলেটে।

ঢাকাসহ দেশের ১০টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ মে) বিকেল ৪টার মধ্যে এসব অঞ্চলের কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতির দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঝড়ের আশঙ্কাপূর্ণ জেলাগুলো হলো—সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ,ঢাকা, গাজীপুর, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দেশের অন্যত্র দিনের তাপমাত্রা এবং সারাদেশেই রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন