আজ দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।
দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার (১৭ মে) দিনভর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সকালে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ পূর্বাভাস দেন।
পোস্টে তিনি জানান, সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টার মধ্যে দেশের প্রায় সব বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, তবে খুলনা বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা তুলনামূলকভাবে কম। বিকেল থেকে রাতে সেখানে বৃষ্টি হতে পারে।
বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত:
-
রংপুর বিভাগ: সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৬টার মধ্যে সব জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
-
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার ওপর একই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
-
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা।
-
ঢাকা বিভাগ: দুপুর ২টার পর গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
-
সিলেট বিভাগ: দুপুর ১২টা থেকে বিকেল ৬টার মধ্যে সিলেটের সব জেলার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
-
চট্টগ্রাম বিভাগ: উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সকাল থেকে বৃষ্টি চলছে। দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে দুপুরের পর বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
বরিশাল বিভাগ: সকাল ১১টা থেকে বিকেল ৬টার মধ্যে পটুয়াখালী ও ভোলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বৃষ্টি হতে পারে।
-
খুলনা বিভাগ: দুপুর ২টার আগে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করে বলেন, দিনভর এসব অঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে।তাই জনগণকে সাবধানে চলাচল ও নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেন তিনি।
মতামত দিন