তিন বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। তবে গরমের প্রকোপ এখনো কমেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিন যশোরে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া নেত্রকোনায় ২৯, চুয়াডাঙ্গায় ২৩, চট্টগ্রামের আমবাগানে ২০, কুড়িগ্রামে ১৫, টেকনাফে ১৪ এবং নীলফামারীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রবিবার দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর সোমবার কমতে পারে রাতের তাপমাত্রা। তবে মঙ্গলবার ও বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পরও কিছুদিন গরম পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে জ্যৈষ্ঠের মাঝামাঝিতে ফের তাপপ্রবাহের ঝাঁজ ফিরে আসার শঙ্কাও রয়েছে।
মতামত দিন