টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস,তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৭ মে)ও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। রোববার (১৮ মে) থেকে মঙ্গলবার (২০ মে) পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার আবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
মতামত দিন