কালীগঞ্জে কালবৈশাখীতে লন্ডভন্ড ২০০ ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো উপজেলা।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হঠাৎ করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০০ ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা।
বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এক ঘণ্টাব্যাপী প্রবল ঝড়ের সময় উপড়ে পড়ে শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় কাকিনা-চাপারহাট আঞ্চলিক সড়কসহ বিভিন্ন এলাকায়।
ঝড়ে তুষভান্ডার, কাকিনা, ভোটমারী ও মদাতি ইউনিয়নের একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘরের পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আম, লিচু, ভুট্টা, গম, পাট ও ধান ক্ষেত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
তুষভান্ডার এলাকার বাসিন্দা শিমুল মিয়া বলেন, “প্রথমে হালকা বাতাস শুরু হয়, এরপর হঠাৎ প্রবল ঝড়ে আমার বাড়ির ছাউনি উড়ে যায়। আশপাশের বহু গাছপালা উপড়ে পড়ে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ইতোমধ্যে ইউনিয়নভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে।তালিকা অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও জানান, ঝড়ে কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মতামত দিন