ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে, ৬ জেলায় বজ্রপাতের সতর্কতা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।ফলে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেলা ১১টার মধ্যে গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জের কিছু স্থানে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস থেকে বজ্রপাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে ঘরের বাইরে অবস্থান এড়িয়ে চলতে এবং বজ্রপাতের সর্বশেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন