ঢাকায় আকাশে মেঘের আভাস, তাপমাত্রায় পরিবর্তনের ইঙ্গিত নেই।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শনিবার দিনের শুরুতে আবহাওয়া কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো ওঠানামার সম্ভাবনা নেই।
শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি জানায়, সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝে মাঝে আকাশে মেঘের উপস্থিতি দেখা গেলেও তাপমাত্রা প্রায় আগের মতোই থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইতে পারে, যার গতি ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার হতে পারে। শনিবার ভোর ৬টার দিকে ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
এর আগে শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না।

মতামত দিন