সাত জেলায় ঘণ্টায় ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা।
দেশের অন্তত সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো এই পরিস্থিতিতে ঘরের বাইরে না যেতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার, লক্ষীপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি ও ভোলা জেলার কিছু এলাকায় ৪৫-৬০ কিলোমিটার বা তারও বেশি গতির ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় করণীয় হিসেবে অধিদপ্তর জানিয়েছে, বাইরে বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে সোমবার রাতে দেওয়া আরেকটি পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

মতামত দিন