চলতি মার্চে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।বিশেষ করে মাসের শেষের দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এছাড়া ২-৩ দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় পড়ার সম্ভাবনা রয়েছে। এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ও দেখা দিতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
নদ-নদীর পরিস্থিতি নিয়েও পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে।
কৃষি ক্ষেত্রে, দৈনিক গড় বাষ্পীভবনের হার বৃদ্ধি পাওয়ার কারণে ফসলের অতিরিক্ত সেচের প্রয়োজন পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর কৃষকদের যথাযথ প্রস্তুতির জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মতামত দিন