আবহাওয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ স্থির, কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব আপাতত তেমন জোরালো না হলেও দেশের কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্যাঞ্চলে অবস্থান করা এই আবহাওয়াগত ব্যবস্থাটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে দেশের বাকি অংশে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা আরও কমে আসবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত সারাদেশে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও আকাশে মেঘ থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। ফলে মাসের শেষ দিকে আবহাওয়ায় উষ্ণতার প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আভাস রয়েছে।

মতামত দিন