তাপদাহে স্বস্তির বৃষ্টি, বৃষ্টির ধারা চলবে আরও ৫ দিন।
তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি এনেছে বৃষ্টি। যদিও এতে গরম কিছুটা কমেছে, তবু দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।
সতর্কতা হিসেবে ঢাকা, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
এদিকে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ ও রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
তাপমাত্রার দিক থেকে খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য অংশে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী চার দিনের পূর্বাভাস:
-
বুধবার (১৪ মে): ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দিনে তাপমাত্রা অপরিবর্তিত, রাতে কিছুটা কমতে পারে।
-
বৃহস্পতিবার (১৫ মে): একই ধরনের আবহাওয়া, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
-
শুক্রবার (১৬ মে): দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
-
শনিবার (১৭ মে): দেশের প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে রাঙামাটিতে। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ৭০ মিলিমিটার, নেত্রকোণায় ৪২, ময়মনসিংহে ৪১, তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ৩৪, সিলেটে ২৯ এবং ডিমলায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
মতামত দিন