আবহাওয়া
ছবি: সংগৃহীত

বসন্তের শুরুতে দেশের আকাশে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে বসন্তকালের প্রথম বৃষ্টির আগমনের সংকেত পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে ঢাকাসহ সাতটি বিভাগের আকাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, প্রথম ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি পড়তে পারে।

বৃষ্টির আসল বিস্তার দেখা দিতে পারে মঙ্গলবার, যখন ময়মনসিংহ ও সিলেটেও বৃষ্টি শুরু হতে পারে। অর্থাৎ মঙ্গলবার দেশের প্রায় সব বিভাগের আকাশে বৃষ্টির ছোঁয়া পড়ার সম্ভাবনা আছে।

বুধবারের জন্য জানানো হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।

আবহাওয়া অফিসের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তরের হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশে বজ্রবাহী মেঘ সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, যা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদ কড়া হলেও রাতের তাপমাত্রায় এখনো শীতের ছোঁয়া আছে।

মতামত দিন