ঢাকায় রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি,ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে ২৩-২৬ মে’র মধ্যে।
ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর ওপর দিয়ে রোববার (১১ মে) রাত ১০টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বিকেল ৫টা ৩০ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহর ও তার পূর্ব, উত্তর ও দক্ষিণের উপজেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সময়ে গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নারসিংদী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়াবিদ পলাশ আরও জানিয়েছেন, বঙ্গোপসাগরে মে মাসের শেষ দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য নাম ‘শক্তি’ (শ্রীলংকার দেওয়া নাম)। ঘূর্ণিঝড়টি ২৩ থেকে ২৮ মে’র মধ্যে তৈরি হয়ে ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় এটি আছড়ে পড়তে পারে, যদিও পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনা কিছুটা বেশি বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ঘূর্ণিঝড়টি এখনও তৈরি না হলেও বঙ্গোপসাগরের পরিবেশ দ্রুতই অনুকূল হয়ে উঠছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এখনো চূড়ান্ত সতর্কতা জারি না হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন