তীব্রতর হচ্ছে তাপপ্রবাহ, রাজধানীসহ ৮ জেলায় অতি তীব্র গরম।
মে মাসের শুরুতে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে তা দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গরম অসহনীয় মাত্রায় পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তরের রবিবার সকালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামীকাল সোমবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুলেটিনে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। পর্যাপ্ত পানি পান, রোদে সরাসরি না যাওয়া এবং প্রাকৃতিক উপায়ে শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মতামত দিন