আবহাওয়া
ছবি: সংগৃহীত

সকালে উত্তরাঞ্চলে মৃদু কম্পন, উৎপত্তিস্থল ঠাকুরগাঁওয়ের পূর্বদিকে।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় রোববার সকালে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল রংপুরের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে।

ভলকানো ডিসকভারির তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি ভূপৃষ্ঠের কাছাকাছি অর্থাৎ অগভীর ভূমিকম্প হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অফিসের সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে সিলেট ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পান বাসিন্দারা। সে সময় জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূকম্পন অনুভূত হয়েছিল।

মতামত দিন