সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত।
দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'একটি জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলাও থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে।
এদিকে সিরাজগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

মতামত দিন