আবহাওয়া
ছবি: সংগৃহীত

তেঁতুলিয়ায় শীতের দাপট, টানা এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার জেলা পঞ্চগড়।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের উত্তর প্রান্তে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশার চাপে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।

টানা এক সপ্তাহ ধরে এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল শতভাগ এবং ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছিল। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই সন্ধ্যা নামলেই কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। ভোর পর্যন্ত সড়ক-মহাসড়কে দৃশ্যমানতা থাকে খুবই কম। ফলে যানবাহন চলাচলে দেখা দিচ্ছে ধীরগতি, কোথাও কোথাও সাময়িক স্থবিরতাও।

শীতের সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের ওপর। কনকনে ঠান্ডায় অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণে গ্রাম ও শহরের মোড়ে মোড়ে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তরের হিমেল বাতাস এবং দীর্ঘস্থায়ী কুয়াশার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। তিনি বলেন, “গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সামনের কয়েক দিনেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”

মতামত দিন