দেশজুড়ে তাপমাত্রা কমার আভাস, তিন জেলায় অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ।
দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কমার আভাস রয়েছে, আর এর মধ্যেই দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় শৈত্যপ্রবাহ চলমান রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা আরও জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। এই প্রবণতা বুধবারও বজায় থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার আশঙ্কা রয়েছে এবং কুয়াশার দাপটও বাড়তে পারে।
এদিকে মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে পারদ নেমে এসেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

মতামত দিন