আবহাওয়া
ছবি: সংগৃহীত

বৈশাখের শেষে তাপপ্রবাহের হুঁশিয়ারি, ৫ দিন অব্যাহত থাকতে পারে ভ্যাপসা গরম।

বৈশাখের শেষ প্রান্তে এসে আবহাওয়া ক্রমেই চরমভাবাপন্ন রূপ নিচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস  উঠে গেছে।

এই পরিস্থিতিতে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর—আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে, যা অন্তত পাঁচ দিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বুধবার (৭ মে) সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে।

প্রথম ধাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে এ তাপপ্রবাহ শুরু হতে পারে এবং পরবর্তী সময়ে তা দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে।

এদিকে, তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলমান গরম পরিস্থিতির মধ্যে ব্যতিক্রম হিসেবে ধরা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,বৈশাখের এই তাপপ্রবাহ স্বাভাবিক হলেও চলমান জলবায়ু পরিবর্তনের কারণে তার তীব্রতা বাড়ছে এবং তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

মতামত দিন