আবহাওয়া
ছবি: সংগৃহীত

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে শীত। কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তাতে শীতের দাপট কমছে না।

শনিবার (১০ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়। এই দুই জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ রয়েছে। সকাল গড়ালেও শীতের তীব্রতা কাটছে না।

শীতের প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন করে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্ক রোগীরা। বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও সর্দি-জ্বরের রোগী বাড়ছে।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, দিনের বেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলমান শৈত্যপ্রবাহ অন্তত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই শীতের প্রভাব কম-বেশি বজায় থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন