আবহাওয়া
ছবি: সংগৃহীত

তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেড়েছে। হিমালয়ঘেঁষা এই এলাকায় উত্তরের ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাগুলোর একটি। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল শতভাগ এবং ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বর্তমান পরিস্থিতিতে এলাকাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সড়ক ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন দেখা গেছে। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঠান্ডা আর কুয়াশার প্রভাব পড়েছে জনজীবনে।

বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীত উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে সকাল থেকেই কাজে বের হতে হচ্ছে তাদের।

পাথর শ্রমিক বলেন, “রাতভর কুয়াশা ঝরছে। সকালে কাজ শুরু করা খুব কষ্টকর। হাত-পা অবশ হয়ে যায়। কিন্তু কাজ না করলে পরিবার চলবে না।”

উপজেলা সদরের ভ্যানচালক জানান, ভোরে ভ্যান নিয়ে বের হওয়া এখন কঠিন। উত্তরের হিমেল বাতাসে শরীর জমে যাচ্ছে।

এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ভোরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি।

মতামত দিন