আবহাওয়া
ছবি: সংগৃহীত

শীতের দাপটে কক্সবাজার, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে কক্সবাজারে। চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ জানুয়ারি)।

সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতির ঠান্ডা বাতাস থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

ভোর থেকে সকাল পর্যন্ত শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। শীতের কারণে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি ভোগান্তি।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। একই সঙ্গে মাঝারি গতির বাতাস প্রবাহিত হওয়ায় প্রকৃত তাপমাত্রার তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে।

সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বাতাসের কারণে ‘অনুভূত তাপমাত্রা’ আরও কমে যাচ্ছে। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সোমবার টেকনাফ ও বান্দরবান এলাকায় তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের কিছু জেলার চেয়েও কম ছিল, যা সাধারণত বিরল ঘটনা। গ্রামীণ এলাকায় তাপমাত্রা শহরের তুলনায় আরও নিচে নেমেছে। দিনের বেলায় সূর্যের উপস্থিতি কম থাকায় ভূপৃষ্ঠ যথেষ্ট উষ্ণ হতে পারছে না, ফলে শীতের তীব্রতা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মতামত দিন