আবহাওয়া
ছবি: সংগৃহীত

কনকনে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ১০.৭ ডিগ্রিতে

নিজেস্ব প্রতিবেদক:

ভোরের আলো ফোটার আগেই চুয়াডাঙ্গাকে ঢেকে ফেলে ঘন কুয়াশা। তার সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে।

পৌষের শেষভাগে এসে জেলার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। রোববার (৪ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত চার দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও শীতের অনুভূতি একটুও কমেনি। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় ঠান্ডা বেশি কাবু করছে মানুষকে। প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হতে চাইছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সড়কে যান চলাচল ব্যাহত হয়। দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে।

এদিকে শীত মোকাবিলায় জেলার চারটি উপজেলায় সরকারি উদ্যোগে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, শীতের তুলনায় এই সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন