আবহাওয়া
ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসে কিছু এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন বছরের প্রথম মাসে দেশের আবহাওয়া তীব্র শীতের ইঙ্গিত দিয়েছে। জানুয়ারি মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ২০২৬ সালের জানুয়ারির জন্য দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ চলাকালীন সর্বনিম্ন তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকার এলাকায় শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা অনেক ক্ষেত্রেই দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে দিনের ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে যাবে।

সাধারণ পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দেশের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ৯৯.৩ শতাংশ কম রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিক হলেও শৈত্যপ্রবাহের দিনগুলোতে জনজীবনে অস্থিরতা ও স্থবিরতা দেখা দিতে পারে।

মতামত দিন