দেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কতা জারি।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ শনিবার জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব দেখা দিতে পারে। তার মতে, উত্তর-পশ্চিম ভারতের কুয়াশার একটি বলয় ইতিমধ্যে দেশের আকাশে প্রবেশ করেছে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণের ভিত্তিতে দেখা গেছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলা এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় কুয়াশা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ময়মনসিংহ অঞ্চলের অনেক এলাকা আজ সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে।
নৌপরিবহন ও নদী চলাচলের জন্যও সতর্কবার্তা জারি হয়েছে। মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীতে নৌযানগুলোকে নিয়ন্ত্রিত গতিতে ও সাবধানে চলাচল করতে হবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে কুয়াশা হালকা থেকে মাঝারি স্তরে থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী রোববার (৪ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
উত্তর-পশ্চিম ভারতের কুয়াশার বলয় সরাসরি রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে প্রবেশ করায় এই দুই জেলার মানুষ শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব করবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন