আবহাওয়া
ছবি: সংগৃহীত

সাত জেলায় শীতের দাপট, কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এখনও শীতের প্রকোপ বিরাজ করছে। তবে কোথাও কোথাও এই শীতের তীব্রতা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে।

এ সময় গভীর রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা কাটতে দেরি হতে পারে। এর ফলে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা আরও জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বিস্তৃত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মতামত দিন