ঢাকায় আজ মেঘের আনাগোনা, তাপমাত্রা বাড়ার আভাস।
রাজধানী ঢাকার আকাশে আজ দিনের শুরুতে হালকা মেঘ দেখা যেতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। এতে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে।
সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৫ শতাংশ। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে দেশব্যাপী দেওয়া ৫ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, সড়ক যোগাযোগ এবং নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও কুয়াশার প্রভাবে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

মতামত দিন