ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে।
দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বেড়ে যেতে পারে।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারাদেশে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে।
বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) দিনগুলোতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই সময়েও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৮ মে’র (বৃহস্পতিবার) পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, ওই সময়ের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন