আবহাওয়া
ছবি: সংগৃহীত

কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাসে শীত আরও বাড়ার ইঙ্গিত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলমান শীতের মধ্যেই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা, মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে, যা সড়ক, নৌ ও বিমান চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯টার পর দেশের বিভিন্ন এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। যদিও এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না-ও আসতে পারে, তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে থাকবে। রাজধানী ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৩ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দুই দিনেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে। বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২ ও ৩ জানুয়ারি সারাদেশে বৃষ্টিহীন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে কিছু এলাকায় তখনও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা দিনের একটি বড় সময়জুড়ে থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকার কথা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষ দিকে আবারও রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। ফলে জানুয়ারির শুরুতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন