রাত বাড়লেই বাড়বে শীত, ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ।
দেশের আবহাওয়ায় শীতের চাপ এখনও স্পষ্ট। কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে সকাল ও রাতের ঠান্ডা বাড়ছে, আর আগামী দিনে রাতের তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা ঘন হয়ে উঠতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও এই কুয়াশা দুপুর গড়ানো পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিমান চলাচল, সড়কপথ ও অভ্যন্তরীণ নৌপরিবহনে। বিশেষ করে ভোরের দিকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, দিনের বেলায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া যায়নি। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে—২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল নিকলীতে—১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ অবস্থান করছে,যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মতামত দিন