আবহাওয়া
ছবি: সংগৃহীত

লঘুচাপের প্রভাবে শুষ্ক আবহাওয়া, কয়েক দিন জুড়ে কুয়াশার আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর  পর্যন্ত বিস্তৃত থাকলেও এর প্রভাবে আপাতত সারাদেশে শুষ্ক পরিস্থিতিই বজায় থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে,এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকালবেলা মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্তও আবহাওয়া প্রায় একই রকম থাকবে। এ সময়ও আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার শেষরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবারও আবহাওয়ার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

মতামত দিন