সপ্তাহজুড়ে বৃষ্টির বিরতি,উঠানামা করবে তাপমাত্রা।
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহে তাপমাত্রা ওঠানামা করবে এবং বৃষ্টিপাত হবে বিরতি দিয়ে।
শনিবার ঢাকার পাঁচটি, চট্টগ্রামের আটটি এবং বরিশালের দুটি জেলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। তবে অনেক অঞ্চলে বৃষ্টির অনুপস্থিতিতে গরম বেশি অনুভূত হচ্ছে।
রোববার (৪ মে) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “সপ্তাহজুড়ে কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা এখনই নেই। সপ্তাহের শেষে বৃষ্টিপাত আরও কমে যেতে পারে। আগামী সপ্তাহে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিমলায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।
মতামত দিন