হিমেল হাওয়ায় শীতের দাপট, সামনে তাপমাত্রা আরও নামার আভাস।
উত্তর দিক থেকে বইতে থাকা ঠান্ডা বাতাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীত আরও অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন আসবে না।
শুক্রবার ও শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে শনিবার রাত থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার ও সোমবার সারা দেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভোরে কুয়াশা দেখা যেতে পারে। এ দুই দিনে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী পাঁচ দিনের শেষ ভাগে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ঠান্ডা অনুভূতি বেশি হতে পারে।
মতামত দিন